প্রচ্ছদ ঢাকা মাদারীপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মাদারীপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বজ্রশক্তি ডেস্ক

মাদারীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মর্জিনা আক্তার। সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আমি বিশ্বাস করি, প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধেও সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, “আমি চাই, আপনারা সব সময় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জেলা প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। আপনাদের যেকোনো গঠনমূলক সমালোচনা প্রশাসন সাদরে গ্রহণ করবে।”

সভায় সাংবাদিকদের পক্ষ থেকে মাদারীপুর জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী এবং জেলার পাঁচ উপজেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।