প্রচ্ছদ ঢাকা শ্রীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু

শ্রীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু

বজ্রশক্তি ডেস্ক

মোঃ এনামুল হক, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে সিজারিয়ান অপারেশনের পর রুমা আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতালে ভাঙচুর চালালে প্রশাসন হাসপাতালটি সিলগালা করে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (মাওনা চৌরাস্তা) এলাকার লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার শ্রীপুর পৌরসভার উজিলাব এলাকার মানিক মিয়ার স্ত্রী এবং গোসিংগা ইউনিয়নের হেরা পটকা গ্রামের আব্দুর রশিদের মেয়ে।

পরিবারের অভিযোগ, রোববার (৮ মার্চ) সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম হলেও পরে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান।

এদিকে বিক্ষুব্ধ স্বজনরা কিছু সময়ের জন্য মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হামলায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্যাশ থেকে ২০ লাখ টাকা লুট করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, সিজারের পর প্রয়োজনীয় ফলোআপ চিকিৎসকের উপস্থিতি না থাকার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে হাসপাতালটির বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতির বিষয়টিও সামনে এসেছে।