অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ:
নেতৃত্ব কেবল ক্ষমতা নয়, নেতৃত্ব হলো ত্যাগ, প্রজ্ঞা এবং অটুট বিশ্বাসের এক অবিচ্ছেদ্য মিশেল। রাষ্ট্রবিজ্ঞানী জন ম্যাক্সওয়েল বলেছিলেন “A leader is one who knows the way, goes the way, and shows the way.” বাংলাদেশের সমকালীন রাজনীতিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম হলেন সেই বিরল ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ চার দশকের রাজনৈতিক পথপরিক্রমায় বারবার প্রমাণ করেছেন তিনি কেবল পথ চেনেন না, বরং প্রতিকূলতার মাঝেও পথ দেখাতে জানেন। ঢাকা মহানগর দক্ষিণের নবনিযুক্ত প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ রাজধানীর সাধারণ মানুষের মাঝে এক নতুন আশার সঞ্চার করেছে।
বিশ্বস্ততার এক সুউচ্চ শিখর
রাজনীতিতে আনুগত্য এবং দক্ষতা যখন একবিন্দুতে মিলিত হয়, তখন সেখানে সফলতার ইতিহাস রচিত হয়। জননেতা আব্দুস সালাম বর্তমান বাংলাদেশের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত সিপাহসালার। তিনি কেবল প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন সম্মানিত উপদেষ্টা নন, বরং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর ঢাকা-১৭ আসনের নির্বাচনী পরিচালনা কমিটির ‘প্রধান সমন্বয়ক’ হিসেবে যে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন, তা রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর এই প্রজ্ঞা ও সমন্বয় ক্ষমতা আজ তাঁকে জাতীয় পর্যায়ের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
জিয়া মঞ্চ ও সাংস্কৃতিক জাগরণের রূপকার
আব্দুস সালাম ভাই কেবল রাজপথের লড়াকু সৈনিক নন, তিনি জাতীয়তাবাদী আদর্শ ও চেতনা প্রসারের একজন কারিগর। ‘জিয়া মঞ্চ’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হিসেবে তিনি দেশের সাংস্কৃতিক ও বৌদ্ধিক অঙ্গনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ছড়িয়ে দিতে যে অনন্য ভূমিকা পালন করেছেন, তা অতুলনীয়। উইনস্টন চার্চিল বলেছিলেন— “Success is not final, failure is not fatal: it is the courage to continue that counts.” সালাম ভাইয়ের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং সাংস্কৃতিক জাগরণে তাঁর নেতৃত্ব প্রমাণ করে যে, তিনি কেবল পরিস্থিতির দাস নন, বরং তিনি পরিস্থিতি পরিবর্তনের নায়ক।
মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মুক্তিযুদ্ধের চেতনা ও আধুনিক নগরীর স্বপ্ন
একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা হিসেবে আব্দুস সালাম ভাইয়ের হৃদয়ে যে দেশপ্রেমের শিখা প্রজ্জ্বলিত, সেই শিখা আজ ঢাকা মহানগর দক্ষিণের সেবায় নিয়োজিত হতে যাচ্ছে। আব্রাহাম লিংকন বলেছিলেন “Commitment is what transforms a promise into reality.” ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক বিপ্লবী আহ্বায়ক হিসেবে তিনি যেভাবে রাজপথে নেতা-কর্মীদের আগলে রেখেছেন, আজ প্রশাসক হিসেবে একইভাবে তিনি সাধারণ নগরবাসীর অধিকার রক্ষা ও আধুনিক নগরী বিনির্মাণে নিজেকে উজাড় করে দেবেন -এটিই সবার বিশ্বাস।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর এই যোগ্য ও বিশ্বস্ত সৈনিককে ঢাকার গুরুদায়িত্ব দিয়ে মূলত জনগণের প্রত্যাশারই প্রতিফলন ঘটিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ হবে তিলোত্তমা, আধুনিক এবং বৈষম্যমুক্ত এক নগরী। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় “উদ্যম বিফলে যায় না কখনো”। সালাম ভাইয়ের দীর্ঘদিনের ত্যাগ ও কর্ম আজ রাষ্ট্রীয় এই স্বীকৃতির মাধ্যমে সার্থকতা পেয়েছে। তাঁর এই নতুন অভিযাত্রা সফল হোক, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।
লেখক: আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক



















