সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায় পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধা নারীকে তাঁর আপন ছোট ভাই ও পরিবারের সদস্যরা মিলে পিটিয়ে রক্তাক্ত করেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পিংনা হাটের দক্ষিণ পাশে ময়নাল মিয়ার বাড়ির কাছে এই ঘটনা ঘটে।
আহত নারীর নাম জহুরা বেগম (৬৪)। তিনি অভিযোগ করেছেন, তার ছোট ভাই সুরুজ মিয়া এবং তার স্ত্রী ও বড় ছেলে নুরুজ্জামান মিলে এই হামলা চালিয়েছেন। জহুরা বেগমের হাতসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়েছে।
জহুরা বেগম জানান, তিনি সারাজীবন চাকরি করে তার ছোট ভাই সুরুজ মিয়ার পরিবারকে বড় করেছেন এবং তাদের প্রতিষ্ঠিত করতে নিজের উপার্জিত অর্থ ব্যয় করেছেন। কিন্তু গত চার বছর ধরে ওই বাড়িতে থাকা শুরু করার পর থেকেই তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। সুরুজ মিয়া বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব ঠিকমতো পালন না করে উল্টো জহুরা বেগমের জমানো অর্থ হাতিয়ে নিয়েছেন।
ঘটনার দিন তুচ্ছ কারণে সুরুজ মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা জহুরা বেগম ও তার বৃদ্ধ মাকে বেধড়ক মারধর করেন। মারধরের পর জহুরা বেগমকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তাঁরা পালিয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা একজন অসহায় বৃদ্ধা নারীর ওপর এমন নিষ্ঠুর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা অবিলম্বে সুরুজ মিয়া ও তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এই বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
