সিলেটে শনিবারের বিভাগীয় গণসমাবেশ ঘিরে এরই মধ্যে সমাবেশস্থলে এসেছেন কয়েক হাজার বিএনপি নেতাকর্মী। এদিকে সিলেট ছাড়া এই বিভাগের বাকি তিন জেলায় আজ ভোর ছয়টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এদিকে, গণসমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যে সমাবেশস্থলে সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। ধীরে ধীরে সরগরম হয়ে ওঠছে সমাবেশস্থল।
নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন তাঁবুতে চলছে বিনামূল্যে খাবার বিতরণ। চলছে রান্নার আয়োজন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী যারা
এদিকে পরিবহন ধর্মঘট থাকায় সমাবেশে যোগ দিতে আগে থেকেই অনেক নেতাকর্মী সিলেটে অবস্থান নিয়েছেন।
প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর শনিবার সিলেটে গণসমাবেশ করবে বিএনপি। এটি হবে বিএনপির সপ্তম বিভাগীয় গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

















