মাদারীপুর সদর উপজেলায় এক রাতে ৬টি স্বর্ণের দোকানে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দোকানগুলোর সিন্দুক ভেঙে অন্তত ১০০ ভরি স্বর্ণালঙ্কার এবং বিপুল পরিমাণ নগদ টাকা লুট করে নিয়ে গেছে। শনিবার ভোররাতে উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এই ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় এক পাহারাদার আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাজারে প্রবেশ করে। তারা প্রথমে বাজারের পাহারাদারকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। এরপর ডাকাতরা পর্যায়ক্রমে নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্সসহ আরও ৫টি দোকানে লুটপাট চালায়।
ব্যবসায়ীরা জানান, ডাকাতরা দোকান থেকে শুধু স্বর্ণালঙ্কারই নেয়নি, বরং দোকানের ভেতরে থাকা ভারী সিন্দুকগুলোও তুলে নিয়ে গেছে। তাদের দাবি অনুযায়ী, সব মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে খবর পেয়ে ব্যবসায়ীরা বাজারে গিয়ে দোকানের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন।
কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

খবর পেয়ে শনিবার সকালে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্বর্ণের দোকানের মালামাল খোয়া যাওয়ার বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। ঘটনার রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

















