আজ রংপুরের তারাগঞ্জে ধানখেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের জিগারতলা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে একটি জাতীয় পরিচয়পত্র ও একটি বিষের বোতল পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা সদরের ওপর দিয়ে চলে যাওয়া রংপুর-দিনাজপুর মহাসড়কের কুর্শা জিগাতলা মাঠে ধানখেতের মধ্যে স্থানীয় লোকজন ওই যুবকের মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে যান। সেখান থেকে ১০টার দিকে মরদেহ ও আলামত উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ সময় মরদেহের সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পায় পুলিশ। সে অনুযায়ী নিহতের নাম মো. রুপন। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চক বানারশি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জহুরুল হক বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে জিগারতলা মাঠের ধানখেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি জাতীয় পরিচয়পত্র ও মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তবে মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


















